হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কলকাতা, ৬ সেপ্টেম্বর: ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতার বুকে নূরুল ইসলাম একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্স’।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বজনীন মানবিক আদর্শ, শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের বার্তাকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে উপস্থিত ও বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা ডক্টর সৈয়দ সাদিক হুসাইনি, জনাব সৈয়দ ইমরান নবী, জনাব সৈয়দ রাশাদ আলী কাদরী, মাওলানা আল্লামা জাকির শের আলী ওয়ারিসী, প্রফেসর রামচন্দ্র করণ-বিন্দু, ফাদার জর্জ সিং রানে, পূবের কলম সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান, জনাব সুরিন সিং, মাওলানা সৈয়দ মেহের আব্বাস রিজভী, জনাব নূর হাসান শাহ ওয়ারিসী, জনাব মাওলানা কমরুল ইসলাম, , মাওলানা শাহেদ নিজামী, মাওলানা মুহাম্মদ রিজওয়ান ইসলাম খান, মাওলানা তাফজল হুসাইন মালিক, মাওলানা মুনীর আব্বাস ও মাওলানা সরওয়ার গাজী প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর আদর্শ সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, দয়া ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান বিশ্বের বিভাজন, অসহিষ্ণুতা ও সংঘাতের প্রেক্ষাপটে তাঁর মানবিক শিক্ষা অনুসরণ করাই হতে পারে শান্তিপূর্ণ সমাজ নির্মাণের অন্যতম পথ।

সম্মেলনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ কলকাতারভ বহুত্ববাদী ঐতিহ্য ও আন্তঃধর্মীয় সম্প্রীতির এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সাহিত্যিক পর্বে অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি আঘা সজাদ ওয়ারিসী, আঘা মুস্তাক আহমদ, আঘা গুলশান সাহেব ও আঘা ফিরোজ হুসাইন। তাঁদের কণ্ঠে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কাব্যিক প্রকাশ অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে।
কলকাতার মাটি থেকে এই সম্মেলন যেন পুনরায় স্মরণ করিয়ে দিল—মহানবী (সা.)-এর প্রকৃত পরিচয় ‘রহমাতুল্লিল আলামীন’; তাঁর আদর্শের মর্মবাণী বিভেদ নয়, মানবতার ঐক্য; বিদ্বেষ নয়, শান্তি ও সহাবস্থান।
রিপোর্ট: লালটু মুন্ডা
আপনার কমেন্ট